নিত্যপ্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ ও টমেটোর বাজারমূল্য স্থিতিশীল রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে জনস্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে প্রযোজ্য শুল্ক-কর অব্যাহতি দেওয়ার এ প্রস্তাব অনুমোদন করা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় কাঁচা মরিচ ও টমেটোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়।
এ পরিস্থিতিতে বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানির ক্ষেত্রে বিদ্যমান করভার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, কাঁচা মরিচ (HS Code-0709.60.19) ও টমেটো (HS Code-0702.00.19) আমদানিতে বর্তমানে প্রযোজ্য মোট করভার ৬১ শতাংশ থেকে কমিয়ে আনা হবে। প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে মোট করভার ২০ দশমিক ৫ শতাংশ এবং পরবর্তী মাসে ৩১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।


