রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের চার সদস্যের মধ্যে একজন মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম তুহিন হোসেন (৩৮)। তিনি মাদারীপুর সদর উপজেলার দিঘলপাড়া গ্রামের মো. লোকমান মুন্সির ছেলে।
বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে এইচডিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।
তার স্ত্রী ইভা আট শতাংশ, ছেলে তাওহীদ ১৫ শতাংশ ও তানভীর ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন বলেও জানান এই চিকিৎসক।
এর আগে, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সপ্তম তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।
দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, ওই বাসায় পরিবারটির চার সদস্যই থাকতেন। তুহিন ঢাকার মোতালিব প্লাজার একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন আর তার স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।


