অমর নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলা নতুন করে আলোচনায় এসেছে। প্রায় ৩০ বছর আগে ঘটে যাওয়া এই মামলায় এবারই প্রথম কোনো আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তি সালমান শাহর বন্ধু ও অভিনেতা ডন।
সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রয়াত এই নায়কের ভক্তরা। দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা অংশ নেন। এ সময় তাদের হাতে সালমান শাহর ছবি, ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা মামলায় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
একই সঙ্গে গ্রেফতার হওয়া অভিনেতা ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তারা।
মানববন্ধনে ভক্তরা বলেন, প্রায় তিন দশক ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এত বছর পরও তার মৃত্যুর ঘটনায় চূড়ান্ত সত্য সামনে না আসায় তারা হতাশ। রাষ্ট্রের কাছে তাদের প্রশ্ন, ‘আমাদের প্রিয় নায়ক ৩০ বছর ধরে কবরে, তার খুনিরা কেন বাইরে?’
ভক্তদের দাবি, মামলার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে সালমান শাহর মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ অল্প সময়ের অভিনয়জীবনেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার আকস্মিক মৃত্যুর প্রায় তিন দশক পরও তাকে ঘিরে দর্শক-ভক্তদের আগ্রহ ও আবেগ অটুট রয়েছে।


