জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নুর মোহাম্মদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার দুপুরে উপজেলার উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহত দুজন হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) এবং দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।
পুলিশ জানায়, দুপুরে একটি ছোট নৌকায় করে ওই তিন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকায় যান। সেখানে স্থানীয় জেলেরা তাদের জাল চোর সন্দেহে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে তারা গুঠাইল এলাকায় গেলে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন।
পরে উলিয়া এলাকায় স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মাদের মৃত্যু হয়। আহত অপর দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


