যশোরের বাঘারপাড়ায় তিন বছর আট মাস বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত হায়াতুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী যুবক হায়াতুল (২০) শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করে। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আলামত পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘অভিযুক্ত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর থানা হেফাজতে আনা হয়েছে। শিশুটিকে আলামত পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


