তারেকের প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি দেবে না ইনকিলাব মঞ্চ

তারেকের প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি দেবে না ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে কোনো কর্মসূচি পালন করবে না ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে শহীদি শপথ অনুষ্ঠানে এ কথা জানান সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদির বিচার নিশ্চিতে তারেক রহমান আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন বলে আশা করি।’ তিনি জানান, ২৫ তারিখের পর ইনকিলাব মঞ্চ দেশব্যাপী সংগঠনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে শহীদি শপথ অনুষ্ঠানের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

শপথ পাঠে বলা হয়, ‘আধিপত্য নিপাত যাক, দিল্লির তাবিদারি থেকে বাংলাদেশ মুক্তি পাক’।

এ সময় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চলবে এবং চলতেই থাকবে।

আরও পড়ুন

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

সেই সঙ্গে আগামী বুধবার ও বৃহস্পতিবার দেয়াললিখন ও গ্রাফিতির মাধ্যমে দেশবাসীর কাছে ওসমান হাদির বাণী পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরার আহ্বান জানান আব্দুল্লাহ আল জাবের।

এর আগে, ওসমান হাদির বিচারসহ তিন দফা দাবিতে সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

এ প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে এবং পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।’

শহীদি শপথ অনুষ্ঠানের শুরুর দিকে শহীদ ওসমান হাদির বড় ভাই শরিফ উমর বিন হাদি অভিযোগ করেন, হাদি হত্যার ছয় দিন পার হলেও সরকার এখনো জাতির সামনে কোনো দৃশ্যমান সমাধান উপস্থাপন করতে পারেনি।

‘তার হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘জীবিত ওসমান হাদির চেয়েও “শহীদ” ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী হয়ে আমাদের কাছে ফিরে আসছেন। যদি কেউ মনে করে, দুই মাস পর ক্ষমতা ছেড়ে দিলেই দায়মুক্তি মিলবে। তবে মনে রাখতে হবে, অপরাধীদের একদিন অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad