প্রায় দুই দশক পর কলকাতায় ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। বিতর্কিত বই ‘দ্বিখণ্ডিত’কে কেন্দ্র করে বিক্ষোভের মুখে ২০০৭ সালে তাকে কলকাতা থেকে বিতাড়িত হতে হয়েছিল।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তসলিমা নাসরিন বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে।’
২০০৭ সালের পর কলকাতায় এটিই তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। ২০০৭ সালের এক দশক আগে বাংলাদেশ ছাড়ার পর তিনি কলকাতাকেই নিজের আবাস হিসেবে বেছে নিয়েছিলেন।
২০০৩ সালে তৎকালীন সিপিএম নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বইটি নিষিদ্ধ করেছিল। বর্তমানে ৬৩ বছর বয়সী তসলিমা নাসরিন দীর্ঘমেয়াদি আবাসিক অনুমতিপত্র নিয়ে দিল্লিতে বসবাস করছেন।
শনিবার কলকাতার রবীন্দ্র সদনে মৌলবাদের বিরুদ্ধে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তসলিমা নাসরিন এই প্রত্যাবর্তনকে ‘ব্যক্তিগতভাবে ঘরে ফেরা’ বলে বর্ণনা করেন।
তিনি বলেন, ‘আমি কখনোই স্বেচ্ছায় কলকাতা ছাড়িনি। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করেছিল। তারপরও আমি কখনো আশা হারাইনি যে একদিন ফিরে আসব।’


