নেত্রকোনায় টিকটক করার সময় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যার পর ঢাকা–মোহনগঞ্জ রেলপথে চল্লিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪), শেরপুরের রাসেল মিয়া (২৫)।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় চল্লিশা বাজার এলাকায় স্থানীয় একটি কারখানার শ্রমিক আকাশ ও রাসেল রেললাইনের পাশে দাঁড়িয়ে টিকটক করছিলেন। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তারা।
পরে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি ময়মনসিংহ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


