বিগত ১৬ বছরে এ দেশে হওয়া গুম-খুনের পুনরাবৃত্তি রুখতে ফেব্রুয়ারির আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
তিনি বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না ঘটে, সে জন্য আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।’
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নগরীর বেলস্ পার্কে আয়োজিত ‘বরিশাল বিভাগীয় ইমাম’ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও।
তিনি মনে করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে খুনি-মাফিয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসতে পারে। তারা দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামী প্রমুখ।


