এসএ গেমসে ২০১৯ সালে নেপালের কাছে হেরে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল, ঘরের মাঠে তা দারুণভাবে মুছে ফেলল বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।
সোমবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যদের আক্রমণে ধার ছিল স্পষ্ট। প্রথমার্ধে সফরকারী নেপাল কিছুটা লড়াইয়ের চেষ্টা দেখালেও স্বাগতিকদের গতি ও সমন্বয়ের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি।
প্রথমার্ধ শেষে ১৩-৯ গোলে এগিয়ে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে শেষ পর্যন্ত ১৩ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
স্বাগতিকদের এই বড় জয়ের নেপথ্যে অনবদ্য ভূমিকা রাখেন আলপনা আক্তার। একক নৈপুণ্যে সর্বোচ্চ সাতটি গোল করে তিনি বাগিয়ে নেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। আলপনার পাশাপাশি আক্রমণে বেশ কার্যকারী ছিলেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিঞ্জ, দুইজনই করেন ছয়টি করে গোল।
এ ছাড়া অধিনায়ক ইসমেতারা নিশি পাঁচটি ও সায়মা জান্নাত সীমা চারটি গোল করে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন। তাসনিয়া, অনুরাধা ও পূর্ণিমাও স্কোরবোর্ডে একটি করে গোল যোগ করেন।
চার দেশের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। শক্তিশালী নেপালকে বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করায় ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ মনস্তাত্ত্বিক সুবিধায় থাকবে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিরুদ্ধে মাঠে নামবে নিশি-আলপনারা।


