ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে তিন ফরম্যাটেই একনাগাড়ে না খেলানোর পরামর্শ দিয়েছেন দলটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বুমরাহের ওপর থেকে অতিরিক্ত কাজের চাপ কমানোর বিষয়ে বিশেষ জোর দিয়েছেন তিনি।
আসন্ন নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানান, এই মুহূর্তে বুমরাহকে সব ফরম্যাটে খেলানোর কোনো যৌক্তিকতা নেই। তার মতে, বুমরাহের মূল মনোযোগ থাকা উচিত টেস্ট ক্রিকেটে। আর ওয়ানডে এবং টি-টোয়েন্টির মতো সীমিত ওভারের ফরম্যাটে তাকে নিয়মিত না খাইয়ে বেছে বেছে খেলানো প্রয়োজন।
রবি শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় না বিশ্বকাপ পর্যন্ত বুমরাহের তিন ফরম্যাটেই খেলা উচিত। তার মূল নজর দেওয়া উচিত টেস্ট ক্রিকেটে, আর ওডিআই এবং টি-টোয়েন্টিতে তাকে খেলানো উচিত বেছে বেছে।’
আগামী ২২ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজটির গুরুত্ব উল্লেখ করে শাস্ত্রী জানান, বিশেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুমরাহকে সতেজ ও প্রস্তুত রাখা জরুরি। কিউইদের কন্ডিশনে বুমরাহের ভূমিকা ভারতের সফলতার জন্য অত্যন্ত নির্ণায়ক হবে বলে তিনি মনে করেন।
একই সঙ্গে ভারতের পেস আক্রমণে অভিজ্ঞদের প্রয়োজনীয়তা তুলে ধরে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামীর প্রশংসা করেন শাস্ত্রী। দীর্ঘদিন পর ভুবনেশ্বর কুমারের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন এবং লাল ও সাদা বলের ক্রিকেটে শামীর ফিরে আসার যোগ্যতার কথা উল্লেখ করেন তিনি। তবে সামগ্রিক দল পরিচালনায় বুমরাহের ফিটনেস ও ম্যাচ নির্বাচনকেই সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে দেখার তাগিদ দেন ভারতের সাবেক এই কোচ।


