নৌ-পুলিশ প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পাঁচটি ভিন্ন প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
অবসরে পাঠানো বাকি চার অতিরিক্ত আইজিপি হলেন– মো. তওফিক মাহবুব চৌধুরী, আবু হাসান মুহম্মদ তারিক, মো. মাসুদুর রহমান ও মো. আবদুল আলীম মাহমুদ। তাদের মধ্যে মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআরপদে) এবং তওফিক মাহবুব চৌধুরী সারদা রাজশাহীতে অতিরিক্ত আইজিপির দায়িত্বে আছেন।
এছাড়া আবু হাসান মুহম্মদ তারিক ও মো. আবদুল আলীম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। প্রদত্ত আইনের বিধি অনুযায়ী তারা প্রত্যেকে অবসরের পর নির্ধারিত সুবিধা পাবেন।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


