চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জামাল প্রকাশ ওরফে ছোট জামাল। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী বলে জানা গেছে। গুরুতর আহতের নাম নাছির। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ফটিকছড়ির বাসিন্দা ও নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার বলেন, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি জামালের সঙ্গে কথা বলছিলেন। পরে তারা তাকে গুলি করে পালিয়ে যান। জামালের সঙ্গে থাকা নাছিরও গুলিবিদ্ধ হয়েছেন। জামাল জামায়াতের সমর্থক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তের গুলিতে তারা আহত হন। পরে ছোট জামালের মৃত্যু হয়েছে। নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ টাইমস অব বাংলাদেশকে বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।’


