আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাকে ঘিরে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার ঘটনায় এমএইচ পাটওয়ারী বাবুকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। এর আগে আদালত অবমাননার অভিযোগে তিনি আত্মসমর্পণ করেন। প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ৮ এপ্রিল এ ঘটনায় প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে একটি টিম রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া থেকে বাবুর স্ত্রী ইসমত জেরিনকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়। প্রাথমিক ডিজিটাল পরিদর্শনে দেখা যায়, উদ্ধারকৃত ডিভাইসটিতে এমএইচ পাটওয়ারী বাবু নামীয় একটি পাবলিক ফিগার ফেসবুক প্রোফাইলে সক্রিয় প্রবেশাধিকার ছিল। অ্যাকাউন্টটি ইসমত জেরিন ও তার স্বামী পাটওয়ারী বাবুর দ্বারা যৌথভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে আসছে।
প্রসিকিউশন সূত্র মতে, ওই অ্যাকাউন্টটি ব্যবহার করে এমন কিছু বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে, যা প্রাথমিকভাবে ট্রাইব্যুনালের প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে বিবেচিত হয় এবং বিচারিক কর্তৃত্বকে খর্ব করে।
এ ক্ষেত্রে উদ্ধারকৃত ডিভাইসের আলোকচিত্রভিত্তিক নথিপত্র, সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডিভাইসের দখলগত সংযোগ, সক্রিয় ব্যবহারের নির্দেশক যোগাযোগের চিহ্নসমূহকে প্রমাণ হিসেবে দাবি করে প্রসিকিউশন সূত্র। বাবুকে আদালতে হাজির করার শর্তে সেদিন তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে বাবু আদালতে আত্মসমর্পণ করেন।
গত ৭ এপ্রিল পাটওয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। একই সঙ্গে ওই পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।


