‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশনা অনুসারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।
মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালত পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ম
মঙ্গলবার পুলিশ আদালতকে জানায়, আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতে, নিয়ম অনুযায়ী, পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন মহানগর হাকিম জুয়েল রানা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. সালাহউদ্দিন জানান, বিচারক আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। এদিকে, সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৪ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—মো. ইব্রাহীম খলিল বিপুল, মো. আব্দুস সবুর, মোছা. ছানোয়ারা খাতুন, মেহেদী হাসান আকাশ, এ কে এম আকতারুজ্জামান, কে এম রাশেদ, মোছা. মেরিনা খাতুন মেরি, সুশান্ত ভৌমিক, নিজাম বারী, জাহাঙ্গীর আলম, শেখ আনিচুজ্জামান আনিচ, মো. আকরামুল আলম, মো. নুর উন নবী মন্ডল দুলাল মাস্টার্স, মো. সাইফুল ইসলাম সর্দার, কাজী আবুল কালাম, মোছা. ফেন্সী, কে এম শাহ নেওয়াজ শিবলু, রফিকুল ইসলাম, জিন্নাত সুলতানা ঝুমা, মেহেদী হাসান ঈশান ওজনি চন্দ্র সূত্রধর।
সিআইডি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে এবং জামিনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ পর্যন্ত এ মামলায় ২৫ জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ–সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেয় কয়েকশ নেতাকর্মী। ওই সময় শেখ হাসিনা ‘দেশবিরোধী’ বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম ‘জয় বাংলা ব্রিগেড’-এর প্রধান কবিরুল ইসলাম আকাশ, বরিশাল বিভাগের ‘জয় বাংলা ব্রিগেড’-এর অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এলাহী নেওয়াজ মাছুম, সাজ্জাদুল আনামসহ আরও অনেকে।


