কর ব্যবস্থার উন্নয়নে এবার ‘জাতীয় টাস্কফোর্স’ গঠন

কর ব্যবস্থার উন্নয়নে এবার ‘জাতীয় টাস্কফোর্স’ গঠন
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) | ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

দেশের কর ব্যবস্থার কাঠামোগত সমন্বয় ও উন্নয়নের মাধ্যমে জিডিপির অনুপাতে রাজস্ব আয় বৃদ্ধি করতে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

এ ‘টাস্কফোর্স’এর সভাপতি করা হয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান জায়েদী সাত্তারকে। আর আইআরডির যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান পাটওয়ারীকে টাস্কফোর্সের সদস্যসচিব করা হয়েছে।

কমিটিতে সভাপতি ও সদস্যসচিবের বাইরে সাতজন সদস্য রাখা হয়েছে। তারা হলেন- বিআইজিডির প্রফেসরিয়াল ফেলো সুলতান হাফিজ রহমান; কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক সৈয়দ মইনুল আহসান; বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন; ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির; এফবিসিসিআইয়ের একজন প্রতিনিধি এবং আইসিএবি ও আইসিএমএবির একজন করে প্রতিনিধি।

আরও পড়ুন

নয় সদস্যবিশিষ্ট এ কমিটি জিডিপিতে ট্যাক্সের অবদান বা ট্যাক্স টু জিডিপি রেশিও কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ; দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সহায়ক করনীতির লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়ন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই টাস্কফোর্সের লক্ষ্য হলো কর ব্যবস্থার দক্ষতা বাড়ানো, রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করা এবং জিডিপির অনুপাতে বর্তমান কর সংগ্রহকে একটি গ্রহণযোগ্য মানে উন্নীত করা, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য জরুরি। প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্যপরিধিও উল্লেখ করা হয়েছে।

আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে এ কমিটি অর্থ উপদেষ্টার কাছে তাদের সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবেন বলেও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর