হাদির ওপর হামলা দেশের অস্তিত্বে আঘাত: প্রধান উপদেষ্টা

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বে আঘাত: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
Advertisement
Advertisement

ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভয় দেখিয়ে, রক্ত ঝড়িয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলা দেশের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত। যারা এই ধরনের ষড়যন্ত্রে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

দেশের তরুণদের রক্ষায় দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণরা রক্ষা পেলেই রক্ষা পাবে মাতৃভূমি। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, “আমরা তরুণদের রক্ষা করব।”এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে।’

গণআন্দোলনের মুখে পরাজিত শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না মন্তব্য করে তিনি বলেন, ‘অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন তরুণদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। নির্বাচনের আগেই এসব পথের কাটা দূর করতে চায় তারা। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে।’

আরও পড়ুন

নির্বাচনের বাকি মাত্র দুই মাস উল্লেখ করে তিনি বলেন, ‘উৎসবমুখর, শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের ওপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। যেহেতু আমাদের কিশোর-কিশোরী তরুণ-তরুণীদের মনে কোনো ভয়ডর নেই তাই তারা নির্বাচনের আগের দু’মাসের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে। সব রকমের হিংসা, কোন্দল থেকে দেশকে বাঁচিয়ে রাখবে।’

চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তিনি ভাষণে বলেন, সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয় বিবেচনায় রয়েছে।

গণভোট ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা। তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একইসঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন।’

এর আগে শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।

এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর