অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দেশের বিভিন্ন থানায় দায়ের করা ২২টি মামলার অভিযুক্ত ঠোঁটকাটা আলতাফ রয়েছেন।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
এর আগে, রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ঠোঁটকাটা আলতাফসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


