বিগ ব্যাশে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক রিশাদ হোসেন। বোলিংয়ে এসেছেন পাওয়ারপ্লে শেষ হওয়ার এক ওভার আগে। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে সিডনি থান্ডারের স্যাম কনস্টাসের স্কয়ার কাটে সিংগেল। এভাবেই হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে যাত্রা শুরু বাংলাদেশের এই লেগ স্পিনারের। দুই স্পেলে তিন ওভার বল করে উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১৮ রান।
তার অভিষেকে থান্ডার্সের দেয়া ১৮১ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে জিতল হোবার্ট। ১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে মৌসুম শুরু হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
টসে হেরে ব্যাট করতে নেমে ক্যামেরন ব্যানক্রফটের ৬১, শাদাবের ৩৪ ও ড্যানিয়েল স্যামসের ১১ বলে ২৩* রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৮০ রানে থামে থান্ডার। তাড়া করতে নেমে নিখিল চৌধুরীর ৪১, বেন ম্যাকডারমটের ৩৮ ও ক্রিস জর্ডানের ১৬* রানের ইনিংসে ১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় হোবার্ট। যদিও ড্যানিয়েল স্যামসের করা শেষ ওভারে নাথান এলিস তিন বল ডট দেয়াতে জমে ওঠে নাটক। অবশ্য থান্ডারের আগ্রাসী ফিল্ড সেটিংয়ের মধ্যেও দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরে জয় নিশ্চিত করেন এই ডানহাতি ব্যাটার।
এর আগে দুই স্পেলে তিন ওভার করেছেন রিশাদ। প্রথম ওভারে দিয়েছেন ৬ রান, দ্বিতীয় ওভারে ৪। একমাত্র বাউন্ডারি হজম করেছেন নিজের তৃতীয় ওভারে ব্যানক্রফটের কাছে। অফস্টাম্পের বাইরে ঝুলিয়ে দেয়া বলে লফটেড রিভার্স সুইপ করেছিলেন এই ডানহাতি ব্যাটার। ক্যাচের একটা শোরগোল উঠলেও শর্ট থার্ডম্যান আর ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল বেরিয়ে যায় বাউন্ডারির দিকে। সব মিলিয়ে ডটও দিয়েছেন চারটি।
রিশাদের আগে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। ভিন্ন দুটি মৌসুমে খেলেছেন অ্যাডিলেট স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে।


