সংসদে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন প্রতিরোধে তরুণদের সচেতন করতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় তরুণ সমাজকে ইসলামের প্রকৃত শান্তির বাণী ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কেন্দ্র করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ধর্মমন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য হলো সামাজিক শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখা। এই উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বহুমুখী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
যুবসমাজের মধ্যে উগ্রবাদবিরোধী সচেতনতা গড়ে তুলতে স্থানীয় আলেম, ওলামা, ইমাম ও খতিবদের সম্পৃক্ত করা হয়েছে। তাদের মাধ্যমে জুমার খুতবা, নিয়মিত ধর্মীয় সেমিনার, আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে ধর্মের অপব্যাখ্যা, উগ্রবাদ, গুজব ও সামাজিক বিভেদের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হচ্ছে।
মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীর নেতাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সভারও আয়োজন করা হচ্ছে।
সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের পরামর্শ ও সহযোগিতায় ভবিষ্যতে যুবসমাজের জন্য নৈতিক শিক্ষা, ধর্মীয় সচেতনতা ও সামাজিক সম্প্রীতিবিষয়ক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের। ধর্মীয় সম্প্রীতি জোরদারে হিন্দু ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টও নিজ নিজ পরিসরে সচেতনতামূলক কার্যক্রম এবং কর্মশালা পরিচালনা করছে।
এ ছাড়া, সারা দেশে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা আরও জোরদার করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের অন্য এক প্রশ্নের জবাবে ধর্মবিষয়কমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত এবং বৌদ্ধ ধর্মীয় নেতাদের চলমান কর্মসূচির আওতায় আনার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে একটি বিশাল সংখ্যক ধর্মীয় নেতার অনুকূলে সম্মানী প্রদান করা হয়েছে।


