রাজধানীর লালবাগে শহীদনগরের একটি বাসায় ছারপোকা মারার গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় জীবন (২৯) নামে এক যুবক মারা গেছেন।
বুধবার দিবাগত রাতে শহীদনগর, জগন্নাথ সাহা রোডের মিষ্টি গলির একটি ৬ তলা বাড়ির ৩য় তলায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় জীবনকে বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, জীবন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাকিরাপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তানসহ শহীদনগরের ওই বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি ভাঙারির দোকানে কাজ করতেন।
তার বাবা নূর ইসলাম জানান, বুধবার হকারের কাছ থেকে ছারপোকা মারার গ্যাস ট্যাবলেট কিনে বাসায় নিয়ে আসেন জীবন। এরপর সকাল ১১টার দিকে তিনি সেই ট্যাবলেটটি বাসার প্রতিটি রুমে ছড়িয়ে দিয়ে বাসা বন্ধ করে শহীদনগরে তার মেয়োর বাসায় চলে যান।
রাতে তার স্ত্রী মিতুকে জানিয়ে জীবন বাসায় ফিরে যান। পরে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে যখন পরিবারের সদস্যরা বাসায় ফিরে দরজা বন্ধ দেখে জীবনকে ডাকাডাকি শুরু করেন, তখন কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তার হাত-পা শক্ত হয়ে গিয়েছিল। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য লালবাগ থানায় অবগত করা হয়েছে।


