সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স, ২০২৫’ এ যোগদানের জন্য সোমবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের সরকারি এ সফরটি চার দিনের। কুয়ালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সের’ যৌথভাবে আয়োজন করেছে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স।
এতে বলা হয়, এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানগণ উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে সেনাবাহিনী প্রধান শনিবার দেশে প্রত্যাবর্তন করবেন।


