জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
রোববার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন প্রধান গেট প্রদক্ষিণ করে, অ্যাকাডেমিক ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য মোহাম্মদ রোকনুজ্জামান।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য রোকনুজ্জামান। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, নির্মম এই হত্যাকাণ্ড ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের মেধা ও নেতৃত্বকে ধ্বংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য মোহাম্মদ মোশারফ হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদীকুর রহমান সভাপতিত্ব করেন।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


