সুপ্রিম কোর্টের বিচার কক্ষে ‘অপ্রত্যাশিত ব্যক্তির’ প্রবেশ নিষিদ্ধ

সুপ্রিম কোর্টের বিচার কক্ষে ‘অপ্রত্যাশিত ব্যক্তির’ প্রবেশ নিষিদ্ধ
Advertisement
Advertisement

নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা অপ্রত্যাশিত যে কেনো ব্যক্তির প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত আদেশ জারি করা হয়েছে। এ আদেশ সোমবার থেকে কার্যকর হবে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন।

ফলে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি, আদেশ উল্লেখ করা হয়।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, এ আদালতে আগত কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি এবং অপ্রত্যাশিত ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচার কক্ষে প্রবেশ করছেন, যা আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায়, নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা অপ্রত্যাশিত যে কেনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত/নিয়ন্ত্রিত করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ যেকোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। লিখিত আদেশে আরও বলা হয়, এই নির্দেশ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad