ভারতে সাজা ভোগ শেষে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের কাছাকাছি রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়।
প্রত্যাবাসন হওয়া ব্যক্তিরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের ওসমান বিন হাসান সজিব ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আব্দুল হাই।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি
জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ডের ৩৫ জামালপুর ব্যাটালিয়নের বাংলাবাজার বিওপির সদস্যরা ভারতের আসাম রাজ্যের মাইনকারচর সাহাপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্পের সদস্যদের কাছ থেকে তাদের গ্রহণ করেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়।
এ সময় রৌমারী থানার এসআই (নিরস্ত্র) আনাছ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।


