সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত আনুমানিক দেড়টায় যমুনা সেতু পশ্চিম মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন ট্রাকের চালক ও সংশ্লিষ্টরা। এ সময় ঢাকাগামী আলিশা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় পরামানিক জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলিশা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


