লালমনিরহাটে টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে জেলা এলজিইডি মিলনায়তনে আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা হয়।
পত্রিকাটির লালমনিরহাট প্রতিনিধি মো. জামাল বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আ. সালাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টাইমসের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান। আরও বক্তব্য দেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মো. নাহিদ হোসেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা কেবল সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য প্রচারের মাধ্যমে সমাজের অসংগতি দূর করতে সংবাদমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা টাইমস অব বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনে বস্তুনিষ্ঠ ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
পত্রিকাটির প্রতিনিধিরা জানান, আত্মপ্রকাশের পর থেকেই পাঠকের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন তারা। দেশের সব প্রান্তে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে পত্রিকাটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লালমনিরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব তৌহিদ লিটন, লালমনিহাটে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েলসহ লালমনিরহাটে কর্মরত গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


