গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।
আরও পড়ুন: বংশালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে ঝগড়ার পর গত রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান মনির। পরে ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


