কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরানথানা এলাকার সামাদ প্লাজার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল ইসলাম (৩৪) এবং হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল মজিদের ছেলে সাব্বির হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, আফাজুল ও সাব্বিরসহ আরও কয়েকজন শ্রমিক সামাদপ্লাজায় নির্মাণ কাজ করছিলেন। এ সময় ভবনের চতুর্থ তলায় রড তুলছিলেন তারা। এক পর্যায়ে রডগুলো ভবনের সামনের বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আফাজুল ও সাব্বির মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


