হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।
শনিবার সকালে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আলাল মিয়া ও মুখলেছ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন জমি ও জলমহালসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এসময় হিরাজ মিয়া গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও উভয়পক্ষের ২০ জন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহত হিরাজ মিয়ার মরদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


