ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার এক ফেসবুক পোস্ট ঘিরে সম্প্রতি উঠেছিল গুঞ্জনের ঝড়। অনেকেই ধরে নিয়েছিলেন, তার সংসারে নাকি ফাটল ধরেছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে।
তবে এবার সেই সব গুঞ্জনের জবাব নিজেই দিলেন পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে স্বামী আশফাকুর রহমানকেও ট্যাগ করেন এই নায়িকা।
পূর্ণিমা লিখেছেন, তার আগের পোস্টের সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। সেটি ছিল জীবনের নানা অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু ভাবনা মাত্র।
অভিনেত্রীর ভাষায়, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অনেকেই সুযোগসন্ধানী, কৃত্রিম বন্ধু। কিন্তু দুর্দিনে এদের খুঁজে পাওয়া কঠিন। আমার দেওয়া স্ট্যাটাসটিও আসলে সেই বাস্তবতা থেকেই লেখা হয়েছিল।’
তিনি আরও যোগ করেন, ‘প্রতিটি মানুষের জীবনে যেমন ভালো সময় থাকে, তেমনি কঠিন সময়ও আসে। আমার আশেপাশেও এমন মানুষ আছে, যারা সুসময়ে পাশে থাকে, কিন্তু বিপদে গা ঢাকা দেয়। সেই অভিজ্ঞতা থেকেই ওই লেখাটি লিখেছিলাম।’
পূর্ণিমার আক্ষেপ, তার লেখাটিকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন। ‘অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে লেখাটিকে জুড়ে ফেলেছেন। কিছু সংবাদমাধ্যম যাচাই না করেই চটকদার শিরোনাম দিয়েছে। এসব আমাকে সত্যিই বিস্মিত ও কষ্ট দিয়েছে,’ বলেন তিনি।
শেষে পূর্ণিমা স্পষ্ট করে জানান, ‘আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমরা খুব ভালো আছি।’
অভিনেত্রী আরও কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। সংবাদকর্মীরাও সবসময় পাশে থেকেছেন। আশা করি, সেই ভালোবাসা ও সহযোগিতা আগামীতেও পাব।’


