‘প্রয়োজনে রক্ত দিয়ে অধিকার আদায় করব’

‘প্রয়োজনে রক্ত দিয়ে অধিকার আদায় করব’
জিএম কাদের। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় পার্টির (জাপা) প্যারালাল একটি দল গঠন করে প্রতীক দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘দরকার হলে বুকের রক্ত দিয়ে অধিকার আদায় করব। তবুও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেব না।’

শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডাকসু এবং জাকসু নির্বাচনও সরকার সবার কাছে গ্রহণযোগ্য করতে পারেনি। তারা কীভাবে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করবে?’

জিএম কাদের আরও বলেন, ‘বর্তমান সরকার শেখ হাসিনার ফ্যাসিবাদকে অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। আগের সরকারের সঙ্গে কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না। যত রকম ফ্যাসিবাদী বলেন কর্তৃত্ববাদী সরকার বলেন, সব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। শেখ হাসিনার চেয়ে বেশি করছে। জাতি একটি বিপজ্জনক অবস্থায় রয়েছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আগের সরকার মুক্তিযুদ্ধ ব্যবহার করতে চেয়েছে, কেউ কথা বলতে গেলেই বিরোধী ট্যাগ দিত। এখন ঠিক উল্টো দিকে চলছে। মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবেন, তাদের জায়গা এই দেশে হবে না। এটা দেশবাসী গ্রহণ করবে না। মুক্তিযুদ্ধের কথা বলায় বিএনপি তাদের নেতাকে সাসপেন্ড করেছে। তারা প্রমাণ করতে চাইছেন আমরা তোমাদের সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার একতরফা নির্বাচন করেছে। বিএনপি জামায়াতকে বাদ দিয়েছিল কৌশলে, এখন আইন করে অনেক দল বাদ দিতে চাচ্ছে। অর্ধেক জনগণকে বাদ দিয়ে নির্বাচন হলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। দেশ গভীর সংকটে পড়বে।’

জিএম কাদের বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের জন্য জনগণ রাস্তায় নেমে এসেছে। কিন্তু তার পতনের পর ছাত্ররা বলেছে আমরাই একমাত্র বিজয়ের দাবিদার। দেশের জনগণকে তারা এক ফোঁটা ছাড় দিতে নারাজ।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন আহমদ মিলন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর