আবু ধাবির প্রথম দুই ম্যাচে দর্শকখরা দেখা গেলেও, শনিবার সন্ধ্যা ঘনাতেই ভরে উঠেছে আবু ধাবির জায়েদ স্টেডিয়ামের গ্যালারি। উপলক্ষ্য এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ। ‘নাগিন ডার্বি’ খ্যাত এই লড়াই দেখতে বিকেল থেকেই ভিড় জমিয়েছেন দুই দেশের দর্শকরা। বহুল প্রত্যাশিত এই ম্যাচে টসে হেরেছেন লিটন দাস। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
একাদশে এসেছে একটি বদল, বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদকে। তার পরিবর্তে এসেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। অবশ্য একাদশের কম্বিনেশন একই থাকছে বাংলাদেশের এই ম্যাচে, ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার।
এই ম্যাচ জিতলে সুপার ফোরের পথে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ। নইলে পড়তে হবে নেট রান রেটের হিসেবে। ‘বি’ গ্রুপে নেট রান রেটে সবার চেয়ে এগিয়ে আছে আফগানিস্তান। তাদের নেট রান রেট ৪.৭০০। পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের নেট রান রেট ১.০০১। এদিকে শ্রীলংকা খেলতে নেমেছে তাদের প্রথম ম্যাচ। দুই ম্যাচের দুটোতে হেরে পয়েন্ট টেবিলের সবার নিচে হংকং।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান
শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিল মিশ্র, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।


