ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।
শনিবার হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিতেই এমন উদ্যোগ।
নতুন ব্যবস্থায় নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে বিকাশ, নগদসহ অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের সুযোগ থাকবে।
হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে।
পুলিশের প্রত্যাশা, ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।
এ বিষয়ে যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতাসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।


