তীব্র তাপপ্রবাহ ও দেশজুড়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির মধ্যেও গত এপ্রিলে নতুন রেকর্ড গড়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি এক মাসে ৭৬০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই সময়ে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি সরবরাহ করেছে এককভাবে এই কেন্দ্রটি, যা জ্বালানি খাতে চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষ করে চাহিদার শীর্ষ সময়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎকেন্দ্রটি ‘সতর্ক প্রহরী’র মতো ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করা হয়।
এটি নিয়ে পঞ্চমবারের মতো রামপাল বিদ্যুৎকেন্দ্র এক মাসে ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রম করল, যা এর ধারাবাহিক কর্মদক্ষতা ও নির্ভরযোগ্যতাকে তুলে ধরে।
প্রযুক্তিগতভাবে, বিদ্যুৎকেন্দ্রটি উন্নত আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত, যা বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্গমন কমাতে সহায়তা করে।
এছাড়া, এতে সংযোজিত রয়েছে ফ্লু গ্যাস ডি-সালফারাইজেশন ব্যবস্থা, যা কঠোর পরিবেশগত মানদণ্ড পূরণ করে এবং বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত করে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পুজারি বলেন, সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎকেন্দ্র পরিচালনা এর শক্তিশালী নকশা ও সংশ্লিষ্ট দলের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। তিনি এটিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সফল সহযোগিতার একটি ‘অনন্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন।


