হবিগঞ্জের নবীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেদওয়ান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগাঁও ইউনিয়নের রওয়াইল এলাকার কামরুজ্জামানের ছেলে। সম্প্রতি মায়ের সঙ্গে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা রেদওয়ানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির আশপাশের কয়েকটি পুকুরে তল্লাশি চালানো হয়।
পরে বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চম্পক কিশোর সাহা সুমন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রেদওয়ানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।


