হবিগঞ্জের নবীগঞ্জে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শনের অভিযোগে এক ফার্মেসি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার উপজেলার পানিউমদা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানিউমদা বাজারে ফার্মেসি ব্যবসা পরিচালনার পাশাপাশি কাজী দেলোয়ার আহমেদ নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শনের সত্যতা পাওয়া যায়।
এ ছাড়া মেডিক্যাল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করে সেবা প্রদান এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করারও প্রমাণ পায় মোবাইল কোর্ট।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নবীগঞ্জ থানার একটি পুলিশ টিম এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রাশেদ সহযোগিতা করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে চিকিৎসাসেবায় অনিয়ম, প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


