কিংবদন্তি লাকী আখান্দের সুর করা আরও একটি অপ্রকাশিত গান প্রকাশিত হলো। গোলাম মোর্শেদের কথায় ‘না দুংখ দিয়ে’ দিয়ে শিরোনামের গানটি গেয়েছেন স্বরলিপি।
প্রযোজনা সংস্থা গান জানালার ইউটিউব চ্যানেলে শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত হয়েছে। এর সংগীতায়োজন করেছেন সজীব দাস। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।
গানটি প্রসঙ্গে গোলাম মোর্শেদ বললেন, ‘লাকী ভাইয়ের জন্য আমি অনেক গানই লিখেছি। এরমধ্যে বেশ কিছু গান এখনও অপ্রকাশিত। তার জন্য লেখা গানগুলোর মধ্যে এটি অসম্ভব প্রিয় একটি গান। বলা যায়, আমার লেখা সবচেয়ে প্রিয় তিনটি গানের একটি।’
স্বরলিপি বললেন, ‘আমার সৌভাগ্য যে লাকী আখান্দ স্যারের সুর করা গান গাইতে পেরেছি। একজন শিল্পী হিসেবে অনেক গানই আমরা গাই। কিন্তু তার মধ্যেও কিছু গান থাকে একেবারেই নিজের জন্য, নিজের হয়ে যাওয়া গান। যা কিনা নিজের শিল্পীসত্তাতে প্রশান্তি এনে দেয়। এটি তেমনই একটি গান হয়ে থাকবে আমার জীবনে। কৃতজ্ঞতা গোলাম মোর্শেদ ভাইয়ের প্রতি আমাকে গানটি গাওয়ার সুযোগ করে দেবার জন্য।’


