পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকির ঘটনায় যখন তোলপাড় চলছে, ঠিক তখনই প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন টালিউড অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।
তবে সোহমের অভিযোগ রাজনৈতিক কারণে নয়, বরং একটি সিনেমাকে ঘিরে আর্থিক বিরোধ থেকেই তাকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোন করে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন সোহম।
জানা গেছে, ২০১৮ সালে নির্মাতা মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের জন্য সোহমকে ১৫ লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে পরিচালকের সঙ্গে প্রযোজকের মতবিরোধ তৈরি হলে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটির নির্মাণকাজ আর এগোয়নি।
সম্প্রতি সেই অগ্রিম অর্থ ফেরত দাবি করেন প্রযোজক। কিন্তু সোহমের দাবি, ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো অভিনেতা নিজে থেকে সিনেমা না ছাড়লে তাকে সাইনিং মানি ফেরত দিতে হয় না।
অভিনেতার অভিযোগ, টাকা ফেরত না দেওয়ায় প্রযোজক সম্প্রতি তার অফিসে যান এবং পরে ফোনে হুমকি দেন।
অন্যদিকে প্রযোজক তরুণ দাসের দাবি, একাধিকবার শুটিংয়ের সময় চাইলেও সোহম সময় দেননি। ফলে সিনেমাটির কাজ আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সোহম। তার ভাষ্য, তিনি পর্যাপ্ত সময় দিতে প্রস্তুত ছিলেন এবং প্রযোজকের বক্তব্যের কোনো ভিত্তি নেই। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেতা।


