সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কোনো হতাহতের হননি।
বৃহস্পতিবার আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপি নেতাকর্মী বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠান শেষ করে কানাইঘাট যাওয়ার উদ্দেশে রওনা দেন। এ সময় অনুষ্ঠান থেকে বের হলে পৌরসভা গেটের নূর ম্যানশনের সামনে সারজিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া, এনসিপির গাড়িবহর ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন একদল যুবক। তারা ছাত্রদলের নেতাকর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতনিবিনিময় করতে বুধবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিসসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
এর আগে থেকে গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে গেলে ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। এরপর এনসিপি নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।
সভা শেষে বেলা আড়াইটার দিকে পৌরসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়ও সারজিস আলমদের গাড়ি ঘিরে ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ স্লোগান দেন। এ সময় গাড়ির দিকে কয়েকজন তেড়ে গিয়ে গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে এনসিপির গাড়িবহর নিরাপদে চলে যেতে সহযোগিতা করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় কেউ হতাহত হয়নি। এনসিপি নেতারা নিরাপদে গোলপগঞ্জ ছেড়েছেন।’
এদিকে, ঘটনার পর এনসিপি নেতা সারজিস ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’


