কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে হোটেল বে-ওয়াচের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে হোটেল বে-ওয়াচ সংলগ্ন স্টাফ কোয়ার্টারের দেয়ালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মো. আব্দুল আজিজ (২৭)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আব্দুল আজিজ হোটেল বে-ওয়াচে চাকরিতে যোগ দেন। তিনি হোটেলের স্টাফ কোয়ার্টারে থাকতেন এবং প্রতিষ্ঠানের গরুর খামার দেখাশোনার দায়িত্ব পালন করতেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


