‘সিইআইজেড শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’

‘সিইআইজেড শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’
সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল বা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্প দেশের শিল্প বিপ্লব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিপুল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।’

সোমবার আনোয়ারায় সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এই প্রকল্প কেবল একটি শিল্পাঞ্চল নয়, বরং বাংলাদেশের শিল্প রূপান্তরের এক ঐতিহাসিক মাইলফলক। ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশ ও চীনের সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।’

‘প্রায় ৭৭৬ একর এলাকায় গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে ৩৬ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। তৈরি পোশাক ও টেক্সটাইলের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও পানীয় প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত পণ্য শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রপ্তানি খাত আরও বৈচিত্র্যময় হবে,’যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, কর্ণফুলী টানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী হওয়ায় সিইআইজেড কৌশলগতভাবে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। এন-১ মহাসড়কের সঙ্গে সরাসরি সংযোগ থাকায় পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) নির্মাণ করা হবে।

আরও পড়ুন

বিনিয়োগকারীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। একই সঙ্গে বেজার ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত অনুমোদন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রেখেছে। তিনি জানান, সিইআইজেডে অবকাঠামো ও শিল্প স্থাপনে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে সরকার শিগগিরই শতভাগ কার্যকর ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালু করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস চেয়ারম্যান লি চ্যাংগুই এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান বক্তব্য দেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad