সাবেক আইনমন্ত্রী আনিসুলকে আদালতে ‘কিলঘুষি’

সাবেক আইনমন্ত্রী আনিসুলকে আদালতে ‘কিলঘুষি’
পুলিশ প্রহরার ভেতরেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত চত্বরেই বেধড়ক কিলঘুষি মেরেছেন কয়েকজন ব্যক্তি।

নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় আদালতে হাজিরার পর এ ঘটনা ঘটে।

তবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘সাবেক আইনমন্ত্রীকে কেউ মারধর করেনি বা চড়-থাপ্পড় মারেনি। মারধরের তথ্য আমরা পাইনি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে আনিসুল হকের রিমান্ড শুনানি চলছিল। সেখান থেকে বের হতেই পথে এ ঘটনা ঘটে।

মারধরের সময় পুলিশ হামলাকারীদের বাধা না দিয়ে আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর তাকে প্রিজনভ্যানে তুলে দেয়। যারা আনিসুল হককে চড়-থাপ্পড় মারেন তাদের মধ্যে আইনজীবীও ছিলেন। ঘটনার সময় আইনজীবীরা তার ফাঁসির দাবি তুলে মিছিল করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, ‘সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিআইডি সোলায়মান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদন দিয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।’ মারধরের ঘটনাটি অবগত নন বলে দাবি করেন কাইউম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ সোলায়মান নিহত হন।

মামলা সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী মো. সোলায়মান মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোলায়মান ডান পায়ে গুলিবিদ্ধ হন। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট সোলায়মানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

সোলায়মান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।

এ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোমবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad