সাতক্ষীরার চারটি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনজন প্রার্থী। ফলে জেলার চারটি সংসদীয় আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়, সাতক্ষীরা ১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই আসনে মোট পাঁচজন প্রার্থী বহাল থাকলেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো. ইজ্জত উল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম।
এদিকে, সাতক্ষীরা ২ আসনে এলডিপি প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাহ উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে এই আসনে বিএনপির প্রার্থী আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলামসহ মোট পাঁচ প্রার্থী বহাল থাকলেন।
সাতক্ষীরা ৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য শহিদুল আলম মনোনয়ন প্রত্যাহার করেননি। এর ফলে এ আসনে তিনি ছাড়াও মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন, বিএনপির কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন।
এছাড়া, সাতক্ষীরা ৪ আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ আসনে বিএনপির মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচএম মিজানুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


