রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য বিবেচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীকটি না থাকায় দলটির কাঙ্ক্ষিত এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশনের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার এনসিপির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলের আবেদনপত্রে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম এবং মোবাইল উল্লেখ করা হয়েছিল।
প্রতীকগুলো হলো–উটপাখি, কাঁপ-পিরিচ, কলম, কলস, কম্পিউটার, কলা, খাট, ঘুড়ি, চার্জার লাইট, চিংড়ি, চশমা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, তবলা, তরমুজ, থালা, দালান, দোলনা, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, ফ্রিজ, বক, বাঁশি, বেঞ্চ, বেগুন, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, মোড়া, মোরগ, লাউ, লিচু, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর জন্য বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। এমন অবস্থায়, ইসি দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক বেছে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রাথমিক বিবেচনায় জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে। এনসিপির প্রতীক নিয়ে একটি জটিলতা রয়েছে। তারা যে প্রতীকটি চেয়েছে তা প্রতীক সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। এজন্য আমরা তাদেরকে চিঠি দেব, তারপর তারা নতুন প্রতীক প্রস্তাব করলে সে অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে, শাপলা প্রতীকে অটল রয়েছে এনসিপি। এ বিষয়ে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, ‘আমরা শাপলা প্রতীকই চাই। এর বিকল্প কিছু ভাবছি না। আমরা মনে করি, কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে আমাদের সঙ্গে। বিএনপিপন্থী নির্বাচন কমিশন, দলটির নির্দেশে আমাদের চাওয়া অনুযায়ী শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না।’


