তৃতীয় দিনের মতো মিরপুর টেস্টের চতুর্থ দিনও বাগড়া দিচ্ছে বৃষ্টি। সোমবার ২৭ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশ ২৩ রানের মধ্যে হারিয়েছে দুই ওপেনারকে। প্রথম ইনিংসের মতো ব্যর্থ হয়েছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ওপেনারদের ব্যর্থতার পর হাল ধরেছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ৭০ রানের জুটিতে ১২০ রানের লিড নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ।
বিনা উইকেটে ৭ রান দিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় জয়ের বিদায়ে। শাহীন শাহ আফ্রিদির বলে ফ্রন্টফুটে খেলতে এসে লাইন মিস করেন এই ওপেনার। রিভিউ নিয়েও রক্ষা হয়নি এলবিডব্লিউ থেকে। এ নিয়ে দুই ইনিংসেই শাহীনের বলে আউট হন ৫ রান করা জয়। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও হাসান আলীকে উইকেট দিয়েছেন সাদমান।
এরপর হাল ধরেন মুমিনুল ও শান্ত। ৮২ বলে ৩ চারে ৩৭ রানে অপরাজিত আছেন মুমিনুল, শান্তর ব্যাটে এসেছে চারটি বাউন্ডারি, লাঞ্চ ব্রেকে গেছেন ৩৪ রানে অপরাজিত থেকে। প্রথম ইনিংসে ১৭০ রানের রেকর্ড জুটি গড়েন এই দুজন, যা ছিল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ।
তৃতীয় দিন বৃষ্টিতে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় চতুর্থ দিনের খেলা শুরু হয় ১৫ মিনিট আগে, সকাল ৯টা ৪৫ মিনিটে। সেই হিসেবে ১২টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল দিনের দ্বিতীয় সেশন। তবে বৃষ্টি শুরু হওয়াতে মাঠে গড়ায়নি দ্বিতীয় সেশনের খেলা।


