আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া ৫৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় শুরা কমিটি এবং ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে। এই দুই কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ৩৮ জন নারী।
শুক্রবার সকালে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।
নতুন কমিটিতে চারজন নায়েবে আমির এবং সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে সাংগঠনিক কাজ ত্বরান্বিত করতে অঞ্চল পরিচালক পদও স্থাপন করা হয়েছে। এ কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।
গত বছরের ২ নভেম্বর জামায়াতের আমির হিসেবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হওয়ার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি। ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সঙ্গে পরামর্শ করে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচন ও শপথগ্রহণ করান।
নতুন কমিটিতে যে চারজন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা হলেন, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম। কমিটিতে সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন, মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া ৫৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শুরার মধ্যে ১৭ জন নারী সদস্য আছেন।
নতুন কমিটিতে পাঁচ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছু’ম, কমিশনার অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।


