সাগরে নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতে কোমর সমান পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীর রোপা আমনের অধিকাংশ বীজতলা। পানির নীচে রয়েছে আউশ ধান ও গ্রীষ্মকালীন বিভিন্ন ফসল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জানিয়েছে, প্রাথমিকভাবে জেলায় ২ হাজার ৬১৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। এতে প্রায় কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে।
কলাপাড়া রাডার স্টেশন ও পটুয়াখালী আবহাওয়া অফিস সুত্র জানায়, গতকয়েক দিনের টানা বৃষ্টির পর রোববার ভোর থেকে জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১০০ মিলিমিটার এবং গত ৪৮ ঘণ্টায় ২৩৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আরও দুই দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের কৃষক তুহিন হাওলাদার জানান, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে এলাকার বেশিরভাগ গ্রামের ফসলের মাঠ তলিয়ে গেছে। এতে রোপা আমনের বীজতলা, আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতি হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ফরিদুল হাসান জানান, পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ সবজির জোগান দেয় লোহালিয়ার কৃষকরা। টানা বর্ষনের ফলে বেশীরভাগ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আমন বীজতলা তলিয়ে যাওয়ায় বীজ পচে যাওয়ার সম্ভবনা রয়েছে। এর ফলে শত শত একর জমি অনাবাদী থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমানুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে রোপা আমনের বীজতলা, আউশ ধান ও শাকসবজির ক্ষতি হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ৯০ লাখ থেকে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।


