দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিয়ের সময় নির্ধারণ করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরি করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে। আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর কীভাবে কার্যকরভাবে আদায় করা হবে, সে বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে ৫ জুলাই হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার।

আদালতে রিটের পক্ষে তিনি শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।

রিটে বলা হয়, বর্তমানে আইনে দেনমোহর পরিশোধের বিষয়ে কিছু মৌলিক বিধান থাকলেও, বিবাহের অনেক বছর পরে সেই অর্থ কীভাবে মূল্যায়ন ও আদায় করা হবে, সে বিষয়ে স্পষ্ট নীতিমালার অভাব রয়েছে। এই অস্পষ্টতা অনেক ক্ষেত্রে নারীদের আর্থিক অধিকার বাস্তবায়নে বাধা সৃষ্টি করে।

রিটে যুক্তি দেওয়া হয়, এমন একটি নীতিমালা প্রণীত হলে বিবাহিত নারীদের আর্থিক স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর