যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় করা মামলায় সাময়িক বরখাস্ত করা পুলিশ সার্জেন্ট মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে রায় ঘোষণার পর আপিলের শর্তে আদালত তাকে জামিন দিয়েছেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেয়।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন (৫০) চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকাটা গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৪ সালে বিয়ের পর থেকে ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন নাজিম উদ্দিন। টাকা না পেয়ে তিনি স্ত্রীর ওপর দীর্ঘকাল শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় ভুক্তভোগীকে গলা চেপে হত্যার চেষ্টা করা হলে সন্তান ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে আদালতের নির্দেশে ২০২০ সালের ১৭ আগস্ট কোতোয়ালি থানায় মামলা নথিভুক্ত করা হয়। তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হয়েছিল।


